বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া ও মিথ্যা দাবি করেছে দলটি। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জুবায়ের জানান, ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। তাঁর দাবি, ফটোকার্ডটি মিথ্যা ও ভুয়া। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে বানোয়াট তথ্য প্রচার এবং তাঁদের বিতর্কিত করে সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি।
