চোটের কবলে CSK-র তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেছবি: ANI
Published on
:
2 min read
আগামী মরশুমে IPL-এর আগে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। ফের চোটের কবলে পড়লেন আয়ুষ মাত্রে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারকে। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হবে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ২০২৬ সালের এপ্রিল মাসে IPL-এ চেন্নাইয়ের হয়ে খেলার সময়ে চোট পেয়েছিলেন আয়ুষ। ফিট হয়ে ফেরার কয়েক মাসের মধ্যেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে চোট পেলেন আয়ুষ। কবে মাঠে ফিরবেন তিনি?
সফল অস্ত্রোপচার, ক্রাচ নিয়ে হাঁটছেন আয়ুষ
PTI-কে BCCI-এর এক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আয়ুষের অস্ত্রোপচার হয়েছে। ক্রীড়াজগতে পরিচিত চিকিৎসক দিনশ পাড়িওয়ালা আয়ুষের অস্ত্রোপচার করেছেন। ওই ব্যক্তির কথায়, ‘বৃহস্পতিবার আয়ুষ মাত্রের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সার্জারি হয়েছে। আপাতত ও ভালো ভাবে সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। অস্ত্রোপচার সফল হয়েছে। শুক্রবার সকাল থেকেই ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে আয়ুষ।’
কী ভাবে চোট পেয়েছিলেন আয়ুষ মাত্রে?
গত ১১ অক্টোবর রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান আয়ুষ। ম্যাচের প্রথম দিন রান নেওয়ার সময়ে তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-৪ টিয়ার ধরা পড়ে। এর পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সব ঠিক থাকলে মাঠে ফিরতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তাঁর।
এ বছর চোটের কারণে বারবার সমস্যায় পড়ছেন ১৯ বছরের আয়ুষ। গত ১৮ এপ্রিল IPL-এ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে প্রায় তিন মাস বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসা ও রিহ্যাবের মধ্যে ছিলেন। সেই চোট কাটিয়ে মাঠে ফেরার পরেই ফের নতুন চোট পেলেন আয়ুষ।
রঞ্জিতে ওপেনিং জুটিতেও বদল মুম্বইয়ের
আয়ুষের চোটের প্রভাব পড়েছে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল নির্বাচনেও। মরশুমের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন তিনি। কিন্তু পরের ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দিতে চলে যান যশস্বী। পাশাপাশি, আয়ুষও চোটের কারণে বাইরে থাকায় নতুন ওপেনিং জুটি খুঁজতে হয় মুম্বইকে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে ওপেনে নামেন অঙ্গকৃষ রঘুবংশী ও দিব্যাংশ সাক্সেনা।
