প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ছেলে দেশে ফেরার পর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।
গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান নাসিমা খান।
সনি রহমান জানান, মৃত্যুর পর অভিনেত্রীর মরদেহ গোসল শেষে প্রথমে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। পরে সোমবার সকালে একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়। তাঁর বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্র থেকে আগামী বৃহস্পতিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপরই জানাজা ও দাফন সম্পন্ন হবে।
এদিকে, নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল গত কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।
১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রেও অভিনয় করে সুনাম অর্জন করেন।
দীর্ঘ অভিনয়জীবনে ‘ধারাপাত’, ‘উজালা’, ‘দুই ভাই’, ‘গৌরী’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্বাধীনতার পর কিছু সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও পরে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে পর্দায় ফেরেন। ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন এই অভিনেত্রী।
