সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলার ৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার অভিযুক্ত, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, নগরীর যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশের ট্রাফিক বিভাগ। এ অভিযানে মোট ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬১টি যানবাহন আটক করা হয়।
এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
