বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিনোদনজগতে। মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুষ্কৃতকারী গুলি চালায় বলে অভিযোগ।
এ ঘটনায় টাইগার নিরাপদ থাকলেও তার গাড়িচালক ও এক অনুরাগী আহত হয়েছেন বলে খবর।
ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামনে এসেছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটি অনিল পণ্ডিত নামের এক ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
তারকাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অবশ্য নতুন নয়। গত কয়েক বছরে বলিউড ও বিনোদনজগতের একাধিক পরিচিত মুখ এবং তাদের পরিবারের সদস্যদের ঘিরে এমন ঘটনা ঘটেছে। সালমান খান থেকে রোহিত শেঠি, দিশা পাটানি থেকে এলভিশ যাদব—বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে এসব হামলার ঘটনা।
সালমান খান
২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একাধিক রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ সামনে আসে। এরপরও অভিনেতাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
রোহিত শেঠি
২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের জুহুতে অবস্থিত শেঠি টাওয়ারের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায়।
এতে কেউ হতাহত না হলেও ভবনের প্রথম তলায় অবস্থিত একটি জিমের কাচ ভেঙে যায়। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত শুভম লোনকার হামলার দায় নিয়েছিলেন বলে দাবি করা হয়।
দিশা পাটানি
২০২৫ সালের আগস্টে উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী দিশা পাটানির পরিবারের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে খবর প্রকাশিত হয়। এই হামলার দায় রোহিত গোদারা ও গোল্ডি বরার গ্যাং নিয়েছিল বলে দাবি করা হয়েছিল।
এলভিশ যাদব
২০২৫ সালে বিগ বসজয়ী ও ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটে। হামলার দায় হিমাংশু ভাউ গ্যাং স্বীকার করেছিল বলে দাবি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
কপিল শর্মা
কমেডিয়ান কপিল শর্মার কানাডায় অবস্থিত ‘ক্যাপস ক্যাফে’ও গুলি চালানোর ঘটনায় আলোচনায় আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিনটি পৃথক ঘটনায় ক্যাফেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। কপিলের অনুষ্ঠানে এক বিতর্কিত অতিথিকে আমন্ত্রণ জানানোর সঙ্গে এসব ঘটনার যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছিল।
এপি ঢিলো ও গিপ্পি গ্রেওয়াল
পাঞ্জাবি সংগীতজগতের দুই পরিচিত মুখ এপি ঢিলো ও গিপ্পি গ্রেওয়ালও গুলি চালানোর ঘটনায় আলোচনায় আসেন। কানাডায় এপি ঢিলোর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ ওঠে। অন্যদিকে, সালমান খানের সঙ্গে বন্ধুত্বের কারণে গিপ্পি গ্রেওয়ালকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করা হয়।
