ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে ইলিশ সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হলেও মাদারগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের কার্যকারিতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির জেলে যমুনা নদীতে ইলিশ শিকার করছেন। পরে বিভিন্ন নৌঘাট ও নির্দিষ্ট স্থানে এসব মাছ বিক্রি করা হচ্ছে। মানিকদার নৌকা ঘাটে প্রকাশ্যে ইলিশ বিক্রির চিত্র দেখা গেছে। এতে মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় জেলে হামিদুল ও কদ্দুস জানান, গতকাল প্রশাসনের অভিযান চলার সময় তাঁরা নদীর অপর পাড়ে ছিলেন। পেটের দায়ে ইলিশ ধরে বিক্রি করেন বলে দাবি করেন তাঁরা। সরকারি সহায়তার বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেও জানান। তাঁদের ভাষ্য, মাছের আকার অনুযায়ী প্রতি কেজি ইলিশ ৪০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, উপজেলার সীমানার মধ্যে কোনো জেলেকে ইলিশ ধরতে বা বিক্রি করতে দেখা গেলে ইলিশ সংরক্ষণ আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলছে। এ সময়ে ইলিশ ধরা, বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার যমুনা নদীর মাদারগঞ্জ অংশে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৬০০ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালে কেউ ইলিশ শিকার বা বিক্রি করলে অভিযান পরিচালনার মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, নিষেধাজ্ঞা কার্যকর করতে শুধু অভিযান পরিচালনা যথেষ্ট নয়; অবৈধভাবে মাছ বিক্রির ঘাটগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো এবং আইন অমান্যকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে অবৈধভাবে ইলিশ শিকারের প্রবণতা কমানো সম্ভব।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। তাই নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে নদীতে নজরদারি জোরদার এবং অবৈধভাবে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
The post নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় চলছে ইলিশ ধরার মহা উৎসব appeared first on ভোরের চেতনা.
