লখনউ সুপার জায়ান্টস থেকে ফের দিল্লি ক্যাপিটালসে ফিরছেন ঋষভ পন্থ। শোনা যাচ্ছে, দুই টিমের মধ্যে ট্রেডের ব্যাপার একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। আইপিএল নিলামে প্রচুর অর্থের বিনিময়ে ঋষভকে নিয়েছিল লখনউ। কিন্তু সেখানে হতাশ হন তিনি। মনে করা হচ্ছিল পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরেই ফের অধিনায়কত্ব পানেন ঋষভ। কিন্তু যা খবর, তাতে পন্থের দিল্লির অধিনায়ক হওয়া হচ্ছে না।
দিল্লিতে এবার জেএসডব্লু দায়িত্ব নিয়েছে। কোচ করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কোচিং স্টাফে নিয়ে আসা হয়েছে যুবরাজ সিংকে। সৌরভের সঙ্গে ঋষভের সম্পর্ক বরাবর খুব ভালো। শোনা গেল, দিল্লি টিম ম্যানেজমেন্টও মিডল অর্ডারে ঋষভের মতোই একজন বাঁ-হাতি ব্যাটার খুঁজছিল। নিজেদের মধ্যে আলোচনার পর ঋষভকে ফেরানোর সিদ্ধান্ত নেয় দিল্লি টিম ম্যানেজমেন্ট।
তবে পন্থ ফিরলেও অধিনায়কের দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত সেরকমই খবর। অধিনায়ক হিসাবে ঋষভের পারফরম্যান্স একেবারে আহমরি ছিল না। দিল্লি শিবিরে খোঁজখবর নিয়ে যা জানা গেল, আগামী আইপিএলে পন্থকে অধিনায়ক হচ্ছে না। গতবার দিল্লি অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু অক্ষর এবার থাকবেন কি না, সেটা নিশ্চিত নয়। বরং যা শোনা গেল, তাতে অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন লোকেশ রাহুল।
যদিও এসবের মধ্যে দিল্লির জন্য দুঃসংবাদ রয়েছে। আগামী মরশুমে দলের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক খেলবেন কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। আসলে আইপিএলের শুরুর দিকে অস্ট্রেলিয়ার একটি টেস্ট সিরিজ খেলার কথা। সেই সিরিজে আবার স্টার্ক নিজের কেরিয়ারের ১৫০ তম ম্যাচ খেলবেন। শোনা যাচ্ছে, ওই ম্যাচকে গুরুত্ব দিতে আইপিএলে খেলা নিয়ে এখনও সংশয়ের রয়েছেন অজি পেসার।
