ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারের পর জামিনের কাগজ দেখাতে টালবাহানা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের জন্য তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ।
অভিযান চালিয়ে পুলিশ আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে। এ সময় তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেন। পরে পুলিশ তার কাছে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন বলে জানা গেছে।
একপর্যায়ে আব্দুল কুদ্দুসের স্বজন ও সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
হামলায় আহত দুই পুলিশ সদস্য
হামলায় ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই সদস্যকে উদ্ধার করেন।
পরে রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আহত দুই পুলিশ সদস্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
The post ভালুকায় পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই appeared first on SATV.
