কালবেলা · সাধারণ
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
২৫/১০/২০২৬

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৫ অক্টোবর) সকালে জেলার মজুচৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির আয়োজন করেন জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আল হাসিব। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিছিলের ঘোষণা দেন তিনি।
ওই পোস্টে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির মালিকানাধীন মজুচৌধুরীর হাট সড়কের একটি ফিশারির সামনে মিছিল করার কথা উল্লেখ করেন তিনি।
এদিকে, ৪৯ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, কোনো মিছিল হয়নি। ফেসবুকে পোস্ট দেখে আমাদের পুলিশ ওই সড়কে টহলে ছিল। মিছিলের ভিডিওটি অন্য কোনো একদিন করে আজকে ফেসবুকে আপলোড দিয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন মোহাম্মদ আল হাসিব। পরে খাবার বিতরণের ওই কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মূল প্রতিবেদনে যান ↗