উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে তীব্র যানজট
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়ক ও আশপাশের সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও কর্মজীবী মানুষ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আশপাশের সড়কেও ছড়িয়ে পড়েছে যানজট। গণপরিবহনে আটকে পড়া অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস থেকে নেমে হেঁটে রওনা হন।
বাসে আটকে পড়া যাত্রী ফয়সাল হোসেন বলেন, ‘সকালে জরুরি কাজে বের হয়েছি। কিন্তু সড়কে শ্রমিকদের অবরোধের কারণে আটকে পড়ে যাই। অনেক সময় বাসে অপেক্ষার পর হেঁটেই যাচ্ছি।’
শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। তবে তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য এবং অবরোধ নিরসনে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
