বায়ার্ন মিউনিখের জয়কে হতাশ করল নরওয়ের ক্লাব ভাইকিং

প্রভাত স্পোর্টস: ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা, বায়ার্ন মিউনিখের জয় তখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মান জায়ান্টরা। কিন্তু মাইকেল অলিসের লাল কার্ডে বদলে যায় দৃশ্যপট। শেষ মুহূর্তে গোল করে বায়ার্নের জয় ছিনিয়ে নিল নরওয়ের ক্লাব ভাইকিং। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়। মঙ্গলবার রাতে ভাইকিংয়ের মাঠে শুরুটা ছিল স্বাগতিকদের দাপটে। ম্যাচের মাত্র ৭২ সেকেন্ডে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গিয়ানি স্টেননেস। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিটার ক্রিশ্চিয়ানসেন। দুই গোল হজম করে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য রূপে দেখা যায় বায়ার্নকে। বিরতির পরপরই বক্সের মধ্যে কনরাড লাইমারকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান হ্যারি কেইন। ৬০ মিনিটে জশুয়া কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক।
এরপরও থামেনি বায়ার্নের আক্রমণ। কেইনের দারুণ এক চিপ থেকে তৈরি হওয়া আক্রমণে লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
শেষ দিকে বিপদ ডেকে আনেন অলিস। ফাউলের জন্য হলুদ কার্ড দেখার পর ভাইকিং অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখের দিকে বল ছুড়ে মারেন ফরাসি উইঙ্গার। রেফারির সামনে এমন কাণ্ডে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের বায়ার্নকে তখন শেষ ১৬ মিনিট খেলতে হয় একজন কম নিয়ে।
সেই সুযোগ কাজে লাগায় ভাইকিং। ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান হারমান হাউগেন। তাতে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের চ্যাম্পিয়নরা।
More News Of This Category

