মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
সম্প্রতি জহিরুল ইসলামের মাদক সেবনের দৃশ্য রয়েছে—এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জহিরুল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আমরা ভিডিও ক্লিপ ও অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করছি। তদন্ত করে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।