বার্সেলোনা কোচ জানিয়েছেন, অভিজ্ঞ দুই ফুটবলার খেলার জন্য প্রস্তুত।
Published : 16 Oct 2026, 09:04 PM
Updated : 16 Oct 2026, 09:04 PM
রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার জন্য সুখবর। দলটির কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন, হাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ং খেলার জন্য প্রস্তুত এবং তারা মাঠে নামার সুযোগ পেতে পারেন।
লা লিগায় শনিবার বেতিসের মাঠে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
ব্রাজিল জাতীয় দলের সঙ্গে থাকাকালীন পেশিতে সামান্য চোট পাওয়ার কারণে আন্তর্জাতিক বিরতির পরের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি হাফিনিয়া। বার্সেলোনা অধিনায়ক এখন পুরোপুরি সুস্থ এবং যত দ্রুত সম্ভব শুরুর একাদশে ফিরতে মরিয়া।
তবে হাফিনিয়াকে নিয়ে করা প্রশ্নে ফ্লিক যা বলেছেন, তা থেকে স্পষ্ট যে, এই সপ্তাহান্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠে নামানোর ক্ষেত্রে কোচ সতর্ক থাকবেন। কারণ, সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং রেয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম ক্লাসিকো।
“তাকে জিজ্ঞেস করলে বলবে যে, সে (শুরুর একাদশে খেলার জন্য) প্রস্তুত, তবে আমার কাছে বিষয়টি হলো ধাপে ধাপে এগোনো। গতকাল সে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং ভালো করেছে। কিন্তু সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। সবচেয়ে ভালো দিক হলো, সে খেলার জন্য প্রস্তুত, আর ফ্রেংকিও (ডি ইয়ং) প্রস্তুত আছে।
“সবাই জানে যে ফ্রেংকি শীর্ষমানের খেলোয়াড়। সে ফিরে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত-এতে আমি খুবই খুশি। সে আমাদের জন্য নতুন একটি বিকল্প তৈরি করে দিয়েছে। এখন দেখতে হবে সে কীভাবে উন্নতি করে। অনুশীলনের সময় সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। আমার মনে হয়, সে এখন কিছু সময় খেলার জন্য প্রস্তুত।”
বিশ্বকাপে পাওয়া হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ডাচ মিডফিল্ডার ডি ইয়ং এই মৌসুমে ক্লাবের হয়ে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি।
