প্রকাশিত: ১৮:১১, ২০ অক্টোবর ২০২৬
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের প্রতি ভালোবাসা যেন নতুন মাত্রা পেল ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের কাছে। প্রিয় অভিনেতার নতুন সিনেমা ‘জেলার ২’ বড় পর্দায় উপভোগ করতে গোটা একটি সিনেমা হলই বুক করলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। স্ত্রী, বন্ধুদের পাশাপাশি ভারতীয় দলের তামিলভাষী সাপোর্ট স্টাফদেরও আমন্ত্রণ জানান তিনি।
রজনীকান্তের সিনেমার প্রতি সঞ্জুর অনুরাগের কথা অজানা নয়। প্রিয় তারকার নতুন ছবি মুক্তির অপেক্ষায় থাকেন তিনি। তবে দিল্লিতে একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় মুক্তির দিন ‘জেলার ২’ দেখা হয়নি তার। সেই আক্ষেপ ঘোচাতেই পরদিন পুরো সিনেমা হল বুক করে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সঞ্জু।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জু বলেন, রজনী স্যারের সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সব সময় তার পরবর্তী সিনেমার অপেক্ষায় থাকি। এবার এক দিন দেরি হয়ে গেল। গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠান থাকায় সিনেমাটি দেখতে পারিনি।
তিনি বলেন, তবে আজ ভাগ্যক্রমে পুরো সিনেমা হল বুক করতে পেরেছি। আমার বন্ধুরা এসেছে, স্ত্রীও সঙ্গে আছে। বড় পর্দায় রজনী স্যারকে দেখতে আমি ভীষণ রোমাঞ্চিত।
সঞ্জুর এই বিশেষ আয়োজনের অংশ হয়েছেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের মধ্যে তামিল ভাষা বোঝেন এমন কয়েকজনও। প্রিয় তারকার সিনেমা ঘিরে এই আয়োজন ক্রিকেটের বাইরেও সঞ্জুর ব্যক্তিগত পছন্দ ও আবেগের পরিচয় তুলে ধরে।
