ফ্রান্সে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্যান্য সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভগুলো, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে একই সময়ে অনুষ্ঠিত হয়, যারা তাদের শিক্ষা পরিবেশের উন্নতির দাবি জানিয়ে আসছে।
শ্রমিক ইউনিয়ন'সহ অন্যান্যদের সমর্থনে অনুষ্ঠিত শনিবারের বিক্ষোভগুলোতে, জ্বালানি ও অন্যান্য পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, দেশটিতে ১১০টি মিছিল অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্যারিসের কেন্দ্রভাগে, সরকারের পরিস্থিতি মোকাবেলার পদ্ধতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বিপুল সংখ্যক জনতা স্লোগান দিয়ে প্ল্যাকার্ড বহন করে মিছিল করেন।
গত মাস থেকে প্রতিবাদ করে আসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি তাদের আন্দোলনকে সমর্থনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সপ্তাহান্তের বিক্ষোভে যোগ দেন।
উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র জোর দিয়ে বলেন যে, উচ্চ বিদ্যালয়গুলোকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় নিয়ে বহু মানুষ সমাবেশ করছেন। তার ভাষ্যমতে, তার বিশ্বাস, প্রতিবাদের মাত্রা যত বাড়বে, রাষ্ট্রও সমস্যাটির প্রতি তত বেশি মনোযোগ দেবে।
এদিকে, দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরও হয়েছে। প্যারিসের একটি চত্বরের দোকানপাটে আগুন ধরিয়ে দেয়া হয় এবং কেন্দ্রীয় শহর লিমোজের টাউন হলে অগ্নিসংযোগ করা হয়। দেশজুড়ে অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে সরকারি স্থাপনা ও দোকানপাটের ক্ষতি সাধিত হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের জেরে দেশের বিভিন্ন অংশে সৃষ্ট বিশৃঙ্খলার খবর জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেযের ভাষ্যমতে, সহিংসতা ও অন্যান্য বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে প্রায় ৪০০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।