আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূল নেতাদের প্রাধান্য দেওয়ার কথা বলেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন, আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেবেন।
সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ সভায় প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন। ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা এতে যোগ দেন।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা ও সাঁওতালসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছেন।
‘আপনাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মানুষের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায় হলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না, মন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত। সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি।
সভায় প্রধান অতিথি সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেবেন।
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।
The post ফটিকছড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপির বৈঠক, নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেয়ার আশ্বাস appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
