মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ করার পর ভুক্তভোগীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত ২ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ৯ অক্টোবর থানায় লিখিত অভিযোগ করেন। পরে ১২ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
গত ১৩ অক্টোবর ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে বাড়িতে একা থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করেন শামছুল। ঘটনার পর আতঙ্কে তিনি প্রথমে কাউকে কিছু জানাননি। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
