ছবি: সংগৃহীত
-->বলিউড বাদশা শাহরুখ খানের রোমান্টিক অভিনয়ে মুগ্ধ অসংখ্য ভক্ত। তার প্রেম নিবেদনের ধরন, আবেগঘন সংলাপ আর পর্দার প্রেমিকসত্তা আজও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে আছে। এবার শাহরুখের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ্যে জানালেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তার কথায়, শাহরুখ খানের মতো রোমান্টিক পুরুষের দেখা এখনও পাননি তিনি। সম্প্রতি ইন্ডিয়ান ভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মজার ছলে বলেন, ‘একজন শাহরুখ খান আমার জীবনে নেই, এটাই আমার মন ভেঙে দেয়!’
শাহরুখের রোমান্টিক চরিত্রগুলোর প্রতি নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে ম্রুণাল জানান, পর্দায় কিং খানের অভিনীত চরিত্রগুলো ভালোবাসা নিয়ে তার প্রত্যাশাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘শাহরুখ যে মানদণ্ড তৈরি করেছেন, যে উচ্চতা ছুঁয়েছেন, তা নিয়ে কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। পর্দায় তিনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন, সেগুলোর প্রেমে আমি মুগ্ধ। আর আমার মনে হয় না, এখনও পর্যন্ত এমন কোনও পুরুষের সঙ্গে আমার দেখা হয়েছে, যিনি শাহরুখ স্যারের মতো রোমান্টিক।’
তবে শুধু শাহরুখের প্রেমিকসত্তা নয়, বলিউডের সিনেমায় ভালোবাসার উপস্থাপন নিয়েও নিজের মতামত জানিয়েছেন ম্রুণাল। হিন্দি সিনেমায় কখনও কখনও অস্বাস্থ্যকর আচরণকে ভালোবাসার প্রকাশ হিসেবে দেখানো হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিনেত্রী জানান, পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় সিনেমা নতুন করে দেখার পর সেগুলোর কিছু দৃশ্য ও উপস্থাপন তাকে অবাক করেছে।
ম্রুণালের মতে, সিনেমাগুলো যে সময়ে তৈরি হয়েছিল, সেই সময়ের সামাজিক বাস্তবতা বর্তমানের তুলনায় আলাদা ছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রচলন না থাকায় সিনেমার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও সমালোচনার ধরনও ছিল ভিন্ন। তবে সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে পুরোনো সিনেমার কিছু দৃশ্য ও সম্পর্কের ধারণাকে নতুন করে বিচার করার সুযোগ তৈরি হয়েছে।
