ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ বছর ৬২টি পূজামণ্ডপে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উৎসব চলাকালে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে উপজেলার ৬২টি পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তাঁরা আশা করছেন।
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।
ধর্ম যার যার, উৎসব সবার—সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, আনন্দময় হোক শারদীয় দুর্গোৎসব।
The post বালিয়াডাঙ্গীতে ৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
