জাতীয় সংসদ ভবনে স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল। এ জন্য সম্ভাব্যতা যাচাই ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুই আই কানের নকশা অক্ষুণ্ন রেখে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে এ-সংক্রান্ত কমিটি।
কমিটি সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার ও সিস্টেম লস কমানো এবং সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান-সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে সভাপতিত্ব করেন।
উপকমিটির সদস্যরা হলেন—সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ। সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা উপকমিটির কার্যক্রমে যুক্ত থাকবেন।
বৈঠকে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে মানচিত্র তৈরি এবং প্রস্তাবিত স্থানগুলোতে প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।
এ ছাড়া অধিবেশন চলাকালে নয়, এমন সময়ে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন উপকমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সংসদ সদস্যদের আবাসিক ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। সেখানে প্যানেল স্থাপনের চলমান কার্যক্রমের দায়ভার এ কমিটি নেবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ অংশ নেন।
এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।