চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। আমি নিজেও নিয়মিত কালবেলা পড়ি এবং আমি এই পত্রিকার একজন পাঠক।
শুক্রবার (১৬ অক্টোবর) শহরের মুনিরা ভবনের হলরুমে দৈনিক কালবেলার চাঁদপুর প্রতিনিধির আয়োজনে পত্রিকাটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কালবেলা এভাবে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমরা বিশ্বাস করি। আগামীতে যতদিন কালবেলা পত্রিকাটি চলমান থাকবে। একইভাবে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে যাবে সেই প্রত্যাশাই রাখি।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, কালবেলা দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী জননন্দিত একটি পত্রিকা। কালবেলার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং কালবেলা অনন্তকাল বেঁচে থাকবে এই প্রত্যাশা করছি। একই সাথে পত্রিকাটি জনমানুষের কথা বলবে, সাধারণ মানুষের কথা তুলে ধরবে এই আশা রেখে কালবেলার সফলতা কামনা করছি।
দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা কালবেলা। কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ অনুসন্ধানী রিপোর্ট করে। আমাদের বর্তমান তারেক রহমান সরকার মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কালবেলার মতো পত্রিকা মানুষের পক্ষে এবং সত্যের পক্ষে যতদিন রিপোর্ট করবে ততদিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি, পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা মাসুদ, চাঁদপুর জেলা ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, সদস্য সচিব শিশির চন্দ্র শীল, পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী, সাংবাদিক শেখ আল মামুন, সুজন চৌধুরীসহ পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
