দেশি-বিদেশি একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পতিত ফ্যাসিবাদের দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ১৭ বছরে উন্নয়নের নামে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত ও অসহায় নেতাকর্মী মো. লকাই বিশ্বাসের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি সারা দেশে অসহায়, নির্যাতিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। মানবিক বাংলাদেশ গড়ে তোলা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের দুর্দিনে পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের এ উদ্যোগ তাঁদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সেতু-কালভার্ট নির্মাণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাসহ জনকল্যাণমূলক কাজে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বিত্তশালীদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদারেস আলী ইছা, চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মোল্লা, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান বদু এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম হোসেনসহ অন্য নেতারা।
অসহায়দের বাড়ি, আর্থিক ও চিকিৎসা সহায়তা, অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দেওয়ার পাশাপাশি অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়। স্বাবলম্বী হওয়ার জন্য আমিন বেপারি ও বাদশা মোল্লাকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চিকিৎসার জন্য সেক মিন্টু ও লালনকে দেওয়া হয় ২০ হাজার টাকা করে।
সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা হলেন—সুফিয়া খাতুন (চর হাডুগতী), রত্না আক্তারী (গোপালপুর), লাভনী আক্তার, ফেরদৌসী (আরজ খাঁ পঞ্জী), সায়েদা আক্তার, স্বর্ণা আক্তার, পারভীন (গাজীরটেক), রত্না আক্তার, মিলি আক্তার ও রূপসী।
নেতাকর্মীদের উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা, অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগের দিন থেকে এবং অনুষ্ঠানের দিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবীর এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবির। অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং নারীদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
The post দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: রুহুল কবির রিজভী appeared first on ভোরের চেতনা.
