কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় যুবদল নেতা আবু কাউছারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ও তার আপন ভাই তানজীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, তৌহিদকে নগরীর নুরপুর এলাকা থেকে ও তানজীরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা সদর উপজেলার ছত্রখিল মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে কাউছার ও শামীমের বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে পূর্বের হত্যা মামলাসহ মোট সাতটি ও তানজীরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ঘটনার সময় এক অটোরিকশাচালক গুরুতর আহত হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যা মামলার তদন্ত কাজও শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে এসআরবি কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।
