Published on
:
3 min read
একেনের সিনেমা মানে সেখানে যেমন রহস্যের গন্ধ রয়েছে, তেমনই আছে নতুন জায়গা ঘুরে দেখার রোমাঞ্চ। ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-তেও এর ব্যতিক্রম হয়নি। তবে গল্প দর্শকের মনে আঁচড় কাটতে না পারলেও কেরালার দৃশ্য মন কেড়ে নিয়েছে প্রত্যেকের। একেনের এ বারের গন্তব্য কেরালা। আথিরাপল্লি জলপ্রপাত থেকে মুন্নারের চা বাগান— সবই ফুটে উঠেছে ছবিতে।
এক সাক্ষাৎকারে অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, এই সিনেমা শুটিং হয়েছে কোচি, মুন্নার এবং আলেপ্পিতে। সামনেই আসছে শীতকাল। এই সময় কেরালা ঘোরার জন্য আদর্শ। কিন্তু ৭ দিনের সফরে কি এই সব জায়গা ঘোরা যাবে? কী ভাবে সাজাবেন কেরালা ট্যুর প্ল্যান? রইল টিপস।
মুন্নারছবি: istock
প্রথম দিন কোচি
কেরালা সফর শুরু করুন কোচি দিয়ে। সমুদ্রের ধার, চিনে ফিশিং নেট, ঔপনিবেশিক স্থাপত্য, রঙিন বাড়ি ও সমুদ্রের ধারে হাঁটাচলা— এক দিনে অনেক কিছুই দেখা সম্ভব এই শহরে। এ ছাড়া ঘুরে নিতে পারেন ম্যাটানচেরি প্যালেস ও জিউ টাউনের আশপাশের জায়গা। সন্ধ্যায় ফোর্ট কোচির ক্যাফে এক্সপ্লোর করতে পারেন।
দ্বিতীয় গন্তব্য আথিরাপল্লি জলপ্রপাত
সকালে কোচি থেকে গাড়ি নিয়ে রওনা দিন আথিরাপল্লির দিকে। কোচি থেকে সড়কপথে যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।প্রায় ৮০ ফুট উঁচু এই জলপ্রপাত কেরালার অন্যতম আকর্ষণ। আথিরাপল্লির পাশাপাশি ভাঝাচল জলপ্রপাতও ঘুরে নিতে পারেন। বিকেলে আবার ফিরে আসুন কোচিতে।
তৃতীয় দিন মুন্নার
ব্রেকফাস্ট সেরে মুন্নারের পথে বেরিয়ে পড়ুন। মুন্নার যাওয়ার পথে বোঝা যাবে, এই রাজ্যকে কেন ‘ঈশ্বরের দেশ’ বলা হয়। পাহাড়ি রাস্তা, চা বাগান, মশলার বাগান— সবুজে মোড়া মুন্নার। যাওয়ার পরে ঘুরে নিতে পারেন চেয়াপ্পারা বা ভালারা জলপ্রপাত। মুন্নার পৌঁছে ঘুরে নিতে পারেন পোথামেডু ভিউ পয়েন্ট।
আলেপ্পিছবি: istock
চতুর্থ দিনে ঘুরে নিন মুন্নার
ব্রেকফাস্টে সেরে ঘুরে নিন মুন্নার। প্রথমে পৌঁছে নিন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। মাট্টুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট এবং কুন্ডালা লেক ঘুরে দেখতে পারেন। ক্যারমেলাগিরি এলিফ্যান্ট পার্কে গিয়ে হাতির উপর চেপে সাফারিও করতে পারেন। মুন্নার গেলে অবশ্যই ঘুরে দেখুন চা বাগান এবং চা তৈরির কারখানা।
পঞ্চম দিন আলেপ্পি
সকালে মুন্নার থেকে আলেপ্পির জন্যও বেরিয়ে পড়ুন। ৫-৬ ঘণ্টা সময় লাগবে। পাহাড় থেকে নেমে এ বার কেরালার জলপথের সৌন্দর্য উপভোগ করার পালা। নৌকা বা হাউসবোটে চেপে এক্সপ্লোর করুন কেরালার ব্যাকওয়াটার। খাল, নারকেল গাছের সারি, ধানখেত আর গ্রাম্যজীবন দেখতে দেখতে সময় কাটান। চাইলে এই ব্যাকওয়াটারে হাউসবোটে রাতও কাটাতে পারেন।
শেষ গন্তব্য ভারকালা
সকালে আলেপ্পি থেকে ভারকালার উদ্দেশে বেরিয়ে পড়ুন। ৩-৪ ঘণ্টা সময় লাগবে। পৌঁছে ঘুরে দেখুন ভারকালা ক্লিফ— এক দিকে আরব সাগর, অন্য দিকে পাহাড়ের ধারে ক্যাফে, দোকান। সন্ধের পর আলো জ্বলে ওঠে— এই দৃশ্য দেখতে অসাধারন লাগে। সমুদ্রের ধারে সময় কাটানোর সেরা ঠিকানা ভারকালা। এই সমুদ্র সৈকত ঘুরে দেখে আবার রওনা দিন বিমান বন্দর বা রেলস্টেশনের উদ্দেশ্যে।
FAQ
১. কেরালা ঘুরতে যাওয়ার সেরা সময় কোনটি?
কেরালা ঘুরতে অক্টোবর থেকে মার্চ মাস আদর্শ সময়। এই সময়ে আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে এবং পাহাড়, জলপ্রপাত, সমুদ্রসৈকত ও ব্যাকওয়াটার ঘোরার পরিকল্পনা করা যায়।
২. ৭ দিনে কেরালার কোন কোন জায়গা ঘুরে দেখা যায়?
৭ দিনের সফরে কোচি, আথিরাপল্লি জলপ্রপাত, মুন্নার, আলেপ্পি এবং ভারকালা ঘুরে দেখতে পারেন। তবে যাতায়াতের সময় ও বিশ্রামের কথা মাথায় রেখে পরিকল্পনা করা জরুরি।
৩. মুন্নারে কোথায় কোথায় ঘুরতে যাবেন?
মুন্নারে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, মাট্টুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট, কুন্ডালা লেক, পোথামেডু ভিউ পয়েন্ট এবং চা বাগান ঘুরে দেখতে পারেন।
৪. আলেপ্পিতে কী কী দেখার রয়েছে?
আলেপ্পি বা আলাপ্পুঝা কেরালার ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত। এখানে হাউসবোটে ভ্রমণ, খাল, নারকেল গাছের সারি, ধানখেত এবং গ্রাম্য জীবন উপভোগ করতে পারেন।
৫. ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবির শুটিং কোথায় হয়েছে?
অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে, ছবিটির শুটিং হয়েছে কোচি, মুন্নার ও আলেপ্পিতে। ছবির লোকেশনগুলিকে কেন্দ্র করে কেরালা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
