জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর ঢাকার মিরপুরে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; সম্মিলনে অংশ নিতে নিবন্ধনের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’।
রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হচ্ছে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্মিলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি কলেজ শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা লাভ করবেন।
আয়োজনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অপশনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধন সম্পন্নকারীরাই সম্মিলনে অংশগ্রহণের অনুমতি পাবেন।
অনিবার্য কারণে কোনো অধ্যক্ষ উপস্থিত হতে না পারলে তাঁর পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ নিবন্ধন করে অংশ নিতে পারবেন। সম্মিলনে যোগদানের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী টিএ/ডিএ গ্রহণ করতে পারবেন।
