গোসাইরহাটে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাদারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ঠেকাতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে মেঘনা নদীর চর মাদারিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।
গোসাইরহাট উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, ‘মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিধান মজুমদার/রিফাত/
আরও পড়ুন
ফটিকছড়িতে ভক্তদের অংশগ্রহণে বার্ষিক ওরশ অনুষ্ঠিত
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ২৬ আশ্বিনের বার্ষিক ওরশ শরীফ নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) প্রধান দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আশেক-ভক্ত ও জাকেরের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার এলাকা।
সকালে বাদে ফজর রওজা মোবারকের গোসল শেষে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) আগত আশেক-ভক্ত ও জায়েদের নিয়ে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন।
এরপর মুনাজাত পরিচালনা করতে গিয়ে তিনি বলেন, ‘হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-এর ইচ্ছার প্রতিফলন বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)। মাইজভাণ্ডারী ত্বরীকা বিকশিত করার জন্য হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) তাঁকে নিজ ইচ্ছায় নির্বাচিত করেছেন। জন্মের পর মুহূর্ত থেকেই তিনি তাঁকে মনোনীত করেন।’
তিনি আরও বলেন, ‘এই মকবুল বান্দার সারা জীবনের সাধনা, ত্যাগ ও তিতিক্ষার পর আজকের এই দিনে তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর দিদারে চলে গিয়েছেন। তিনি ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়াকে ব্যাপকভাবে পরিচিত করার পাশাপাশি এর আদর্শ ও দর্শনকে জালালিয়ত ও জামালিয়তের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন।’
সাত দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিন তথা প্রধান দিবস উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, বায়াত গ্রহণ ও জিকির-আজকারের আয়োজন করা হয়। রাতে কেন্দ্রীয় মূল মাহফিল অনুষ্ঠিত হয়। গভীর রাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের সমাপ্তি ঘটে।
এদিন আগত লাখো মানুষের মাঝে বিশেষ তবররুক বিতরণ করা হয়। দরবার কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নাজমুল/এএফ
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘুষের টাকা নির্ধারণ করে দেন অডিট কর্মকর্তা, চাহিদামতো না দিলে হুমকি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
জেলা রাজস্ব বিভাগের হিসাব তত্ত্বাবধায়ক মো. মনজুরুল আলম। ছবি: খবরের কাগজ
-->লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮টি ভূমি অফিস থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্মীপুর জেলা রাজস্ব বিভাগের হিসাব তত্ত্বাবধায়ক মো. মনজুরুল আলম।
অফিসপ্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত তার চাহিদা। চাহিদামতো ঘুষের টাকা আদায়ে রাতের আঁধারে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের নিয়ে দুই দফা সমঝোতা বৈঠক করেছেন তিনি। দাবি পূরণ না করলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এ কর্মকর্তা। গত অর্থবছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, জেলা শহরের পুরোনো শহিদ মিনার এলাকায় একটি একতলা ভবনে চলতি মাসের ৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং ৬ তারিখ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অডিট কর্মকর্তা মো. মনজুরুল আলম। বৈঠকে ঘুষের চাহিদা জানিয়ে সে অনুযায়ী সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে দু-একজন নিজ নিজ অফিসের বাস্তবতা তুলে ধরে অসহায়ত্ব প্রকাশ করলে তাদের ওপর ক্ষিপ্ত হন তিনি। অতিরিক্ত টাকা দাবি এবং তা না দিলে লাখ টাকার অডিট আপত্তি দেওয়ার হুমকির বিষয়টি অডিও রেকর্ডে শোনা যায়।
এরই মধ্যে ৭ অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট করে নগদ ৬০ হাজার টাকা নিয়ে অন্য অফিসে যান তিনি। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট না করেই এক সহযোগীকে নিয়ে সরে পড়েন এ কর্মকর্তা। তবে ১১ অক্টোবর থেকে অডিটের নামে আবারও আগের মতো ঘুষের জন্য ভূমি কর্মকর্তাদের চাপ দিচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও কুমিল্লা উত্তর অঞ্চলের অডিট সুপারিনটেনডেন্ট থাকাকালে এ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ উঠেছিল।
নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির এক নেতা বলেন, ‘অফিসপ্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাহিদা দিয়েছেন অডিট কর্মকর্তা। অনেক অনুরোধ করেছি, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল। তার চাহিদা পূরণ না করলে নানা অজুহাতে ফাঁসিয়ে দেবেন। কিছুই করার নেই, আমরা অসহায়।’
অভিযুক্ত অডিট কর্মকর্তা মো. মনজুরুল আলম ভূমি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক ও ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি টাকা নিই। তবে তারা যতটা বলেছেন, আসলে তত টাকা নয়। এখানে অনেক বিষয় আছে। আমার ক্ষতি করে কী লাভ? আমার সঙ্গে সম্পর্ক রাখুন, আপনারাও অনেক সুবিধা পাবেন।’
রফিকুল ইসলাম/রিফাত/
আরও পড়ুন
আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎসেবা বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
গোলাম মাওলা/নাঈম
আরও পড়ুন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চলছিল।
দুদক সূত্রে জানা যায়, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ে নিয়োগের ক্ষেত্রে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করছে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক শাখা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। এদিকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুদক টিমকে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এনফোর্সমেন্ট অভিযানের অংশ হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রতিবেদন আকারে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এনকেবি নয়ন/রিফাত/
