Published on
:
1 min read
এই সময়, আউশগ্রাম : প্রায় ১০০ বছর আগে স্বর্গীয় যতীন্দ্রনাথ কোনারের হাত ধরে শুরু হওয়া নুরপুরের বনেদি বাড়ির দুর্গাপুজো আজ গোটা গ্রামের মিলনোৎসবে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই পারিবারিক পুজো সর্বজনীন রূপ নিয়েছে। নুরপুরে এটিই একমাত্র দুর্গোৎসব হওয়ায় জাতি-ধর্ম নির্বিশেষে পুরো গ্রাম এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠে। কাজের সূত্রে বাইরে থাকা মানুষজনও পুজোর দিনগুলিতে গ্রামে ফিরে আসেন।
সুবিশাল মন্দিরের সামনের বিশালাকার আটচালাকে কেন্দ্র করেই উৎসবের মূল দিনগুলি আবর্তিত হয়। পশুবলি না থাকলেও অষ্টমীর দিন মাসকলাই দিয়ে প্রতীকী বলির বিশেষ রীতি রয়েছে। তবে এই পুজোর প্রধান আকর্ষণ নবমীর ভোগের বিশেষ আয়োজন। ওই দিন প্রায় দু’হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা করা হয়, যার মেনুতে থাকা ঐতিহ্যবাহী ‘মাছের টক’, কুমড়ো ও কচুর তরকারি বহু বছর ধরে সমান জনপ্রিয়। বর্তমানে কেশব কোনার, কার্তিক কোনার ও স্বপন কোনার পারিবারিক ঐতিহ্য বজায় রেখে পুজোর মূল দায়িত্ব সামলাচ্ছেন।
প্রতিদিন কলকাতা ও আশপাশের পরিচিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নুরপুরের এই পুজো সাবেকি রীতিনীতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজও তার নিজস্ব পরিচয় ধরে রেখেছে।
