ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মাছ ধরার নৌকা ব্যবহার করে মিসাইলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ ধরনের চোরাচালানে নৌকা ব্যবহার করতে না দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে। এ কর্মকাণ্ড ইয়েমেনের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং দেশটির বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।
বিবৃতিতে নৌকার মালিকদের সতর্ক করে বলা হয়, হুথিদের অস্ত্র চোরাচালানে নিজেদের নৌকা ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে আধুনিক অস্ত্রের প্রযুক্তি পেয়েছে হুথিরা।
সৌদি জোটের দাবি, হুথিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা, সুড়ঙ্গ ও পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে এবং সেখান থেকে সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুথিদের কাছে অস্ত্র সরবরাহ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে উল্লেখিত পক্ষগুলোর বক্তব্য এখানে পাওয়া যায়নি।
এমএ
