বিজ্ঞপ্তি
আপডেট :
১২ অক্টোবর ২০২৬, ২৩: ৫৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা চট্টগ্রাম ও রাঙামাটিতে বিসিআইসির আওতাধীন বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। গত ৯ থেকে ১০ অক্টোবর তিনি টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সরেজমিনে পরিদর্শন করেন।
টিএসপিসিএল পরিদর্শনকালে চায়নার ‘কাংডিয়ান (কেডি) উক্সি টেকনোলজি কোম্পানি লিমিটেড’-এর চেয়ারপারসন মিসেস রিতা লু-এর নেতৃত্বে তিন সদস্যের একটি চীনা প্রতিনিধিদল বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। এ সময় প্রতিনিধিদলটি বাংলাদেশে সারসহ সামগ্রিক শিল্প খাতের উন্নয়নে সফট লোনের (সহজ শর্তে ঋণ) মাধ্যমে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বৈঠকে চীনা কোম্পানির চেয়ারপারসন বাংলাদেশে ইউরিয়া সার, ফসফরিক অ্যাসিড প্ল্যান্ট এবং এনপিকেএস সার কারখানা স্থাপনের বিষয়ে প্রাথমিক প্রস্তাব তুলে ধরেন। বিসিআইসির পক্ষ থেকে প্রস্তাবটি প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে চেয়ারম্যান বিভিন্ন কারখানার উৎপাদন, কাঁচামাল সরবরাহ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার বিক্রয় কার্যক্রম সরাসরি ঘুরে দেখেন। পরবর্তীতে প্রতিটি কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
শিল্প কারখানার সার্বিক সার্বিক উন্নয়ন ও বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণের ওপর জোর দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন চেয়ারম্যান মো. বাবুল মিঞা। তিনি কারখানার স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

