নগরীর উত্তর কাট্টলী কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শারদ সম্মেলন ১৫ অক্টোবর নগরীর আকবরশাহ থানাধীন পূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সমপ্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই উৎসব আমাদের শিখিয়ে আসছে সমপ্রীতি, একতা এবং ভ্রাতৃত্বের বার্তা।
তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির এক অনন্য দৃষ্টান্ত এই চট্টগ্রাম। স্বাধীনতার পর থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমরা প্রতিটি দুর্গাপূজা উদযাপন করেছি। ভবিষ্যতেও আমরা মিলেমিশে এই উৎসব উদযাপন করবো।
উত্তর কাট্টলী রক্ষাকালী বাড়ি মন্দিরের আহ্বায়ক প্রকৌশলী তরুণ তপন দত্তের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপি নেতা মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, বিএনপি নেতা শামসুল আলম সেক্রেটারি, নগর যুবদলের সিনিয়র সহসভাপতি সাহেদ আকবর, নগর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম।
পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অজয় মিত্র শংকুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. মুকেশ কুমার দত্ত, উজ্জ্বল দে, পূজা উদযাপন কমিটির পক্ষে তন্ময় দত্ত বুবুন, মিঠু দে, ঋত্বিক দাশ সানি প্রমুখ।–বিজ্ঞপ্তি।

