নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে মরিচা বাজারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন নাগবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সামাদ, ইউপি সদস্য মোশারফ হোসেন, নাগবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেমসহ স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া স্থানীয় দুই নারীও বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জবেদ আলী ও বিথি আক্তার নাছিমাকে আটক করেন। পরে স্থানীয় মাতব্বরদের উদ্যোগে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন বক্তারা।
তাঁদের আরও অভিযোগ, এ ঘটনার পর জবেদ আলী ও বিথি আক্তার নাছিমা টাঙ্গাইলের আদালতে স্থানীয় মাতব্বর ও এলাকাবাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। এতে স্থানীয়রা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, কথিত অসামাজিক কর্মকাণ্ড বন্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
