ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ। হাতীবেড়ের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের উপচেপড়া ভিড়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নারাঙ্গী তালটিয়া একাদশ ও হাতীবেড় রয়েল রেঞ্জার্স একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তালটিয়া একাদশ ১-০ গোলে হাতীবেড় রয়েল রেঞ্জার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরমান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রহুল আমিন মাসুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আইয়ুব আলী কমান্ডার, গোলজার হুসেন, রাসেল আহমেদ, মজু নেতা, মাজহারুল ইসলাম, আবু সাইদ তালুকদার, শাহ সেলিম, মফিজুল মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
খেলায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ১ নম্বর উথুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কালি মোল্লা আমিন।
পুরস্কার বিতরণীর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, উথুরার হাতীবেড়ে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি ব্যায়ামাগারের সুব্যবস্থাও থাকবে। তাঁর এ ঘোষণায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন তালটিয়া একাদশকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি আকর্ষণীয় ফ্রিজ এবং রানার্সআপ হাতীবেড় রয়েল রেঞ্জার্স একাদশকে দেওয়া হয় একটি টেলিভিশন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সমর্থকেরা বিশাল ফ্রিজটি নিয়ে উথুরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল বের করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় যুবসমাজের এমন ক্রীড়া আয়োজন এলাকায় খেলাধুলার প্রসার, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post ভালুকায় ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন তালটিয়া একাদশ appeared first on ভোরের চেতনা.
