Published on
:
2 min read
বাঙালিদের দুর্গাপুজো এবং ভারতের অন্যত্র নবরাত্রি। প্রায় একই সময় ধরে চলে। উৎসবের এই মরশুমে গাড়ি বিক্রির দিকে নজর থাকে এই সেক্টরে জড়িত সকলেরই। কিন্তু এ বারের বাজারে প্রত্যাশিত গতি দেখা গেল না। গত বছরে একই সময়ের সঙ্গে তুলনায় করলে ২২% কমেছে যাত্রিবাহী গাড়ির বিক্রি।
উৎসবের মরশুমে ভারতে যাত্রিবাহী গাড়ির (Passenger Vehicle বা PV) রেজিস্ট্রেশন গত বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কমেছে। অন্যদিকে, বাণিজ্যিক গাড়ির (Commercial Vehicle বা CV) বিক্রি বেড়েছে। যদিও সামগ্রিক ভাবে পতন ঠেকাতে পারেনি সেই বৃদ্ধি। এই ছবি উঠে এসেছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-এর প্রাথমিক তথ্যে।
গাড়ির রেজিস্ট্রেশন কমেছে:
FADA-র প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের নবরাত্রির সময়ে দেশে মোট গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ১১,২৩,০৮৬টি। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১২,০১,৪৭৯। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মোট গাড়ি রেজিস্ট্রেশন কমেছে ৬.৫২ শতাংশ। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে যাত্রিবাহী গাড়ির রেজিস্ট্রেশনে। চলতি বছরে নবরাত্রির সময়ে এই সেকশনে রেজিস্ট্রেশন হয়েছে ১,৮২,৭২৮টি। গত বছরের একই সময়ে ওই সংখ্যা ছিল ২,৩৪,০০৪টি। উৎসবের মরশুমে সাধারণত ব্যক্তিগত গাড়ির চাহিদা বাড়বে বলে প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রবণতা এ বার ছিল না। কমেছে দুই চাকা গাড়ি বিক্রিও। যদিও বাণিজ্যিক গাড়ির বিভাগে বৃদ্ধি দেখা গিয়েছে।
বেড়েছে EV বিক্রি:
যদিও একই সময়ে বৈদ্যুতিক গাড়ির (EV) বাজারে যথেষ্ট বৃদ্ধি দেখা গিয়েছে। FADA-র তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বার বৈদ্যুতিক গাড়ির খুচরো বিক্রি ২৬.৭৮ শতাংশ বেড়ে ১,১৭,৪৩৭ ইউনিটে পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৯২,৬২৮। দু’চাকা EV-র বিক্রি বাড়ল ৩৩%। বেড়েছে চার চাকা ইভির রেজিস্ট্রেশনও। বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ির বাজারে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে।
দীপাবলিতে বিক্রি বৃদ্ধির আশা:
দীপাবলির বাজারের দিকেও তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। এই সময়েও অনেকে নতুন গাড়ি কেনেন। নবরাত্রির সময়ে ভালো ব্যবসা না হলেও দীপাবলি নিয়ে আশায় রয়েছেন তাঁরা। বাজারের প্রবণতা আরও স্পষ্ট করে বুঝতে দীপাবলির পরিসংখ্যান জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরাও।