সিলেট ভয়েস ডেস্ক · ২৫ অক্টোবর, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে শতবর্ষের ঐতিহ্য ধরে রাখতে ধলাই নদীতে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নে মির্তিঙ্গা সেতুসংলগ্ন ধলাই নদীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে আশপাশের গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের ধলাই নদীর মির্তিঙ্গা সেতু এলাকা থেকে প্রতিবছর এ সময়ে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। মাছ ধরাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামজুড়ে মৎস্য শিকারিদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। এ সময় ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন তাঁরা।
উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানাতে শনিবার স্থানীয় মুন্সীবাজারে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়। এরপর রোববার সকাল থেকেই মাছ শিকারিরা নদীর পাড়ে জড়ো হতে থাকেন। পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার দিকে সবাই একসঙ্গে নদীতে নেমে পলো দিয়ে মাছ শিকার শুরু করেন।
আয়োজকরা জানান, এখানে মূলত আমরা একদিন নদীতে নেমে পলো বাওয়া উৎসবে মেতে উঠি। শত বছর ধরে বছরের এই সময়ে পলো বাওয়া হয়। সব বয়সের মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। ভাগ্য সহায় হলে কেউ একাধিক মাছ পান আবার কেউ খালি হাতে ফিরেন। তবে আমার মাছ নয়, উৎসব করাটাই আমাদের উদ্দেশ্য।
এদিকে শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করে সবাই মাছ শিকার করেন। অনেকে আবার মাছ ধরা দেখতে ভিড় জমিয়েছেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ উৎসবে মাছ শিকারের পাশাপাশি পুরোনো সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও উদ্যাপন করেন স্থানীয় বাসিন্দারা।
গুগলে আমাদের খবর পেতে
