কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটক মো. মোন্নাফ হোসেন রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা ডিগ্রির চর গ্রামের মৃত কদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে থানার এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মণ্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান চলাকালে সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়।
এমএ
