ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের শুভমান গিলকে পেছনে ফেলে ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন ব্রুক।
ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও এটিই প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না ব্রুক। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের এক ওভারে পরপর দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ান তিনি। এরপর সুইপ, স্কুপ, রিভার্স স্কুপসহ দৃষ্টিনন্দন সব শটে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন ইংলিশ অধিনায়ক। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।
তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়েন ব্রুক। এরপর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান। জ্যাকসও মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে আউট হন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ১৫টি ছক্কা।
ব্রুকের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাকিস্তানের মাটিতেও ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।
এ ছাড়া আরেকটি বিরল কীর্তি গড়েছেন ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে তিন সংস্করণে এই তিন মাইলফলক ছোঁয়ার কীর্তি ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
এমএম/
