চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ ও জমি দখলের অভিযোগকে ‘অসত্য’ দাবি করে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল হাই শিকদারের পরিবার বলেছে, পূর্বপুরুষদের কবরস্থান রক্ষায় সীমানাবেড়া দেওয়া হয়েছে এবং যাতায়াতের জন্য বিকল্প পথের প্রস্তাবও দেওয়া হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করা ও জমি দখলের অভিযোগকে ‘অসত্য’ দাবি করেছে জামায়াতে ইসলামী মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল হাই শিকদারের পরিবার। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হাই শিকদারের ছোট ভাই ও পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি বলেন, অভিযোগকৃত স্থানে তাঁদের পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে। পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে সীমানাবেড়া দেওয়া হয়েছে।
চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়ে ডা. বিপ্লব বলেন, তাঁরা কাউকে চলাচলে বাধা দিতে চান না। পূর্বপুরুষদের কবর রক্ষা করা তাঁদের সামাজিক দায়িত্ব। প্রবাসী মামুন মোল্লার পরিবারের যাতায়াতের সুবিধার্থে কবরস্থানের পাশ দিয়ে ইতোমধ্যে তিন ফুট প্রশস্ত বিকল্প পথ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে যাতায়াতের মূল নকশা ও প্রবেশমুখ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
ডা. বিপ্লব আরও অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তাঁর ৮০ বছর বয়সী মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। দলের মনোনীত প্রার্থীর চরিত্রহনন ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক প্রতিকার দাবি করেন তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পথ ও জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। উভয় পক্ষের অভিযোগ ও নথিপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
