জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় পাচারকালে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি যানবাহন (নসিমন ভটভটি) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জিম্মায় নিয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমন ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহী জেলার উদ্দেশে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে চালকদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
এ সময় স্থানীয়রা চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অসংলগ্ন কথা বলে। পরবর্তীতে তোপের মুখে চালকরা স্বীকার করে যে, সারগুলো অবৈধভাবে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তিনি চতুরতার সঙ্গে কেটে পড়েন। সটকে পড়ার আগে ম্যানেজার দাবি করেন, ডিলার ওয়াসেফ আলী মোল্লার নির্দেশেই তিনি সারের চালান মেমো কেটে গাড়ি দুটি ছেড়েছিলেন। তবে সারের প্রকৃত ক্রেতা বা নির্দিষ্ট গন্তব্য নিয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন জানান, "স্থানীয়দের খবরের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে রাতেই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।"
তিনি আরও জানান, জব্দকৃত এই সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে দ্রুত বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো খবর..
