শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দির সুতিয়ারপাড় এলাকার একটি খাল থেকে হায়াতুন্নেসা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী উপজেলার রূপনারায়নকুড়া এলাকার ছহিমউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে সুতিয়ারপাড় খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের একমাত্র ছেলে হাবিল উদ্দিন থানায় এসে লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন। তিনি জানান, তার মা শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, হায়াতুন্নেসা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করতেন।
নালিতাবাড়ী থানার ওসি খাল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।
