হাওড়ার লিলুয়ার রবীন্দ্র সরণিতে চারতলা বাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন মোড়।
Published on
:
1 min read
হাওড়ার লিলুয়ার রবীন্দ্র সরণিতে চারতলা বাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন মোড়। এই ঘটনায় ৬০ বছর বয়সি পরিচারিকা পূর্ণিমা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে সোনা ও ২ লক্ষ টাকা নগদ চুরির পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ডিজেল ঢেলে গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমা ওডিশার বাসিন্দা। পূর্ণিমা গত ২৪ বছর ধরে লিলুয়ার কুমারপাড়া এলাকায় থাকছিলেন। গত আট বছর ধরে তিনি ব্যবসায়ী অসিতকুমার ঘোষের বাড়িতে পরিচারিকার কাজ করেন। দুর্গাপুজোয় অষ্টমীর সকালে বাড়ির সদস্যরা বাইরে ছিলেন। অভিযোগ, সেই সুযোগে ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢোকেন পূর্ণিমা। এর পরে তিনি বাড়ি থেকে সোনা ও ২ লক্ষ টাকা নগদ চুরি করেন। প্রমাণ লোপাট করতেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি। ঘটনার পর তদন্তে নামে লিলুয়া থানার পুলিশ। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে পূর্ণিমার ভূমিকা সামনে আসে। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ-সহ সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পিছনে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
