ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক প্রাইভেট কার ও ব্যাটারিচালিত রিকশার ওপর উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর থানার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২), তার ছোট ছেলে শাওন (৭) এবং এক অটোরিকশাচালক। তবে অটোরিকশাচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় সামনে থেকে আসা একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে।
প্রাইভেট কারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকটিও বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বালু সরিয়ে ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুজনকে এবং পরবর্তীতে আরো একজনকে মৃত ঘোষণা করেন।
এমই
