কটিয়াদীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা, নিরাপত্তায় জোর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা করেছে পৌর প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ।
সভায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিতায় এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন। এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা, সুপেয় পানির ব্যবস্থা ও যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামিমা আফরোজ মারলিজ বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সবার সামাজিক উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক থাকবে।
সভাপতির সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। পূজা উদযাপন পরিষদের নেতারাও পৌর প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
