যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে (এএমএলএস) অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। আগামী ২৬ ও ২৭ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের শীর্ষ নির্বাহী, সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধিত্ব করবেন গ্রামের কাগজ সম্পাদক।
সম্মেলনের আগে ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিবিষয়ক বিশেষ কর্মশালা ‘ব্রেভ মেন্টাল হেলথ অ্যান্ড রেজিলিয়েন্স ওয়ার্কশপ’। উচ্চচাপের কর্মপরিবেশে দায়িত্ব পালনকারী গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ পেশাজীবীদের জন্য আয়োজিত এ কর্মশালায় মানসিক সুস্থতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং পেশাগত চাপ সামলে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে। মবিনুল ইসলাম মবিন এ কর্মশালায়ও অংশ নেবেন।
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ দীর্ঘদিন ধরে এম আরডি আই, বিবিসি মিডিয়া একশান, নেদারল্যান্ডের ফ্রিপ্রেসের আর্থিক সহায়তায় সাকমিড, আর্টিকেল-১৯ প্রভৃতি সংগঠনের সাথে যুক্ত থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রা, স্থানীয় সমস্যা, জনস্বার্থ, অনিয়ম-দুর্নীতি এবং জবাবদিহিমূলক সাংবাদিকতা নিয়ে কাজ করে আসছে। মুদ্রিত পত্রিকার পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম, ই-পেপার, ভিডিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গ্রামের কাগজের কার্যক্রম বিস্তৃত হয়েছে। স্থানীয় মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় পত্রিকাটি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে। সেই সূত্র ধরেই পত্রিকাটির সম্পাদক আন্তর্জাতিক এই বৃহৎ সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন।
সিঙ্গাপুরের এ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
বিশ্বব্যাপী সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) আয়োজনে এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে পরিবর্তনশীল গণমাধ্যমশিল্পের ভবিষ্যৎ, ডিজিটাল রূপান্তর, সংবাদমাধ্যমের অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং পাঠকসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সংবাদমাধ্যমের জন্য নতুন ব্যবসায়িক মডেল, উদ্ভাবনী উদ্যোগ এবং মানসম্মত সাংবাদিকতা টিকিয়ে রাখার কৌশল নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
বর্তমান সময়ে প্রযুক্তিগত পরিবর্তন, বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগিতা, পাঠকের সংবাদ গ্রহণের অভ্যাসে পরিবর্তন এবং সংবাদমাধ্যমের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই রাখা যায়, তা হবে সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকের অংশগ্রহণ বাড়ানো, নতুন আয়ের উৎস তৈরি এবং সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও মান অক্ষুণ্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংবাদমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় আঞ্চলিক সংবাদপত্রগুলোর জন্য বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষ করে ডিজিটাল রূপান্তর, পাঠকের আস্থা অর্জন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ এবং আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার অভিজ্ঞতা স্থানীয় সংবাদমাধ্যমের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হতে পারে।
এদিকে গুরুত্বপূর্ণ ও বৃহৎ এ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় সম্পাদক মবিনুল ইসলাম মবিন গ্রামের কাগজের সকল সাংবাদিক-কর্মী, যশোরের সকল সংবাদকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাদের দোয়া কামনা করেছেন।
