গাইবান্ধার সাদুল্লাপুরে খালের পানিতে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে ব্রিজের নিচে খালের পানিতে এক নারীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
