পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। যার কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাংলা ভাষাভাষী শ্রোতারা। এবার সেই তারকা গান করতে গিয়ে হেনস্তার শিকার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এ বছর দুর্গা পূজার উৎসবে অনুষ্ঠান করার জন্য বিদেশে গিয়েছেন অনেক শিল্পী। সেই তালিকায় এ গায়িকাও রয়েছেন।
নিউ জার্সির একটি পূজার অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ইমনের। সেখানে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মকর্তাদের অপেশাদার আচরণে কুরুচিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ সংগীতশিল্পী। তবে সব ঝামেলা কাটিয়ে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া পৌঁছেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে হেনস্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন। তার অভিযোগ- বোর্ডিং পাস থাকার পরও বিমানে তাদের উঠতে দেয়া হয়নি। বরং পাল্টা মার্কিন বিমান সংস্থার কর্মীরা তাদের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। এমনকি গায়ে পর্যন্ত হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। এ অবস্থায় নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন গায়িকা।
ইমন বলেন, নিউ জার্সির দুর্গা পূজার অনুষ্ঠানে যেতে নির্ধারিত সময় ডালাস বিমানবন্দরে পৌঁছালেও আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার সময় কোনো যুক্তি ছাড়াই আটকে দেয়া হয় তাদের। এতে তারা প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হয়। সংগীতশিল্পী ও তার সহশিল্পীদের ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে বাইরে বের করে দেয়া হয়।
এছাড়া তাদের বাদ্যযন্ত্রগুলোও তাচ্ছিল্য করা হয়েছে। এ অবস্থায় অনভিপ্রেত ঘটনার জন্য শেষ পর্যন্ত নির্দিষ্ট ফ্লাইটটি মিস করেন তারা। পরবর্তীতে একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও সেটি অনিশ্চিত ছিল। তবে ঝড় ঝঞ্ঝা সামলে শেষ পর্যন্ত টিমের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়া পৌঁছান ইমন। সেখান থেকে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেন। বলেন, আমরা নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছেছি। রাতে মঞ্চে ওঠার জন্য প্রস্তুত।
