ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ইসলামবাদ গ্রামে সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। দলটি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছিল এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও আন্তরিক রয়েছে।
তিনি বলেন, “ভোটের দাগ আঙুল থেকে ওঠার আগেই সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
কেরানীগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। জনগণ শান্তি চায়, আর সেই প্রত্যাশা পূরণে দল বদ্ধপরিকর।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ বিএনপি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
