১২ ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের পরিণতি সিকিমের মতো হয়ে যেত, দেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আবার ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাকে হাস্যকর উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানে পতনের পর কোনো সরকার আবার আগের অবস্থানে ফিরে এসেছে—এমন নজির ইতিহাসে নেই।
তিনি বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া অতীতে যেসব দূরদর্শী বক্তব্য দিয়েছিলেন, সেগুলোর যথার্থতা এখন বাস্তবতার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ওই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি ও বাড়িঘর দখলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া এবং বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে দূরদর্শী পরিকল্পনার অভাব ছিল। নতুন গ্যাসকূপ খনন কিংবা ভবিষ্যতের চাহিদা পূরণে কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি। এর ফলে এখন দেশবাসীকে সংকটের মাশুল দিতে হচ্ছে।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।
