বগুড়ার ধুনটে আলোচিত ‘মাসুদ টেলিকম’ চুরির ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি মোবাইল ফোন উদ্ধার এবং চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বগুড়া জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকান থেকে ৯৪টি দামি মোবাইল ফোন চুরি হয়। চুরি হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে ধুনট থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। অভিযানের মাত্র তিন ঘণ্টার মধ্যে চুরি হওয়া সব মোবাইল ফোন উদ্ধার এবং চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে একই দিন রাতে থানায় গ্রেপ্তার হওয়া আট সহযোগীর সঙ্গে দেখা করতে এসে চোর চক্রের আরও দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হন। এতে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।
দ্রুততম সময়ে চুরির রহস্য উদঘাটন ও চুরি হওয়া মালামাল উদ্ধারের ঘটনায় ধুনট শহরের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারত্ব ও দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আতিকুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়।
The post ধুনটে ৩ ঘণ্টায় চুরির রহস্য উদঘাটন, ওসি পেলেন সম্মাননা appeared first on ভোরের চেতনা.
