মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় পর্যটকের মৃত্যু
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় আফরিন সুলতানা (৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিনাথ জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আল-আমিনের মেয়ে।
আরও পড়ুন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে মহেশখালীতে বেড়াতে আসে শিশু আফরিন। বেলা সাড়ে ১১টার দিকে আদিনাথ জেটিঘাট এলাকায় একটি বেপরোয়া ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আল-আমিন বলেন, ‘সরকারি ছুটিতে পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। কিন্তু বেপরোয়া ইজিবাইক আমার ফুটফুটে মেয়ের জীবন কেড়ে নিল।’
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছৈয়দুল করিম/অলি/
আরও পড়ুন
টেকনাফে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় চার মাদককারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের কভারের নিচে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পিকআপেরচালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন
অন্যদিকে একই রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর তিন ব্যক্তিকে পোটলা হাতে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩), শাকিল (২২) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লক-১-এর এফডিএমএন সদস্য খাইরুল আমিন (২৪)।
পরে তাদের তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪টি কার্টন থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, দুটি পৃথক অভিযানে সর্বমোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদককারবারিরা বড় সিন্ডিকেট কিংবা অভিনব কৌশল অবলম্বন করলেও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
তিনি টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
শাহীন/তামান্না রুপা/
আরও পড়ুন
পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
আরও পড়ুন
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
ওসি বলেন, সোমবার রাতে তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি জানতে পারি। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা নেই। মোহাম্মদপুর থানা থেকেও আমাদের কিছু জানানো হয়নি। জানালে তখন বলা যাবে, তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়। তারা ওইসব মামলার আসামি। আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে গ্রেপ্তার তিন নেতাও আত্মগোপনে ছিলেন।
এর আগে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও আত্মগোপনে চলে যান।
জাহাঙ্গীর হোসেন/অলি/
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ মতিউর রহমান মতি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল স্লুইস গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্রসহ মতিউরকে গ্রেপ্তার করে।’
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর মতিউরকে আদালতে পাঠানো হয়েছে।
আসাদুল্লাহ/আজহার/
আরও পড়ুন
আরও পড়ুন
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে পাঁচজন শরীয়তপুরের
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচজন রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা এবং ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার সামাদ ফকির ও পালেরচর এলাকার শাহিন।
আরও পড়ুন
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা ব্যবসায়িক কাজে নাটোরে গিয়েছিলেন বলে জানা গেছে।
একই উপজেলায় পাঁচজনের এমন মৃত্যুতে তাদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। প্রিয়জনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, আমরা বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।
বিষয়টি জানতে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বিধান মজুমদার/অন্তরা/
