কখনো প্রেমের গুঞ্জন, কখনো বন্ধুত্বের সমীকরণ, আবার কখনো বিতর্কিত মন্তব্য। সব মিলিয়ে দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের নিয়মিত আড্ডায় জায়গা করে নিয়েছিল করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’। এবার সেই আড্ডাতেই পড়তে যাচ্ছে শেষ চুমুক। ২২ বছরের যাত্রা শেষে নবম মৌসুম দিয়ে অনুষ্ঠানটির ইতি টানছেন করণ জোহর। ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে শেষ মৌসুম।
দীর্ঘ এ পথচলা নিয়ে আবেগঘন কণ্ঠে করণ জোহর বলেন, ‘কফি উইথ করণ আমার পরিচয়ের বড় একটা অংশ জুড়ে রয়েছে। এত বছর অতিক্রম করাটা এখনো রূপকথার মতো মনে হয়।’
২০০৪ সালে শাহরুখ খান ও কাজলকে অতিথি করে যাত্রা শুরু হওয়া অনুষ্ঠানটিতে পর পর আটটি মৌসুমে ১৬১টি পর্বে বলিউডের তারকারা হাজির হয়েছেন সেই পরিচিত সোফায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কের অজানা গল্প ও অকপট কথোপকথনের মাধ্যমে তারকারা নিজেদের পর্দার আড়ালের মানুষটিকে প্রকাশ করার পাশাপাশি বহুবার ভাইরাল হয়েছেন এবং তৈরি করেছেন সংবাদ শিরোনামও। তবে সব আড্ডার পরিণতি যে হাস্যরসেই সীমাবদ্ধ ছিল তা নয়। ২০১৯ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলের একটি পর্বে নারীদের নিয়ে পান্ডিয়ার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। ফলে পর্বটি সরিয়ে নেয়া হয় হটস্টার থেকে এবং দুই ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিস দেয় বিসিসিআই। এমনকি সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়েন তারা।
সম্পর্ক, আবেগ আর তারকাদের ব্যক্তিজীবনকে একটু বেশি আলোয় এনে দেখার এ প্রবণতা করণের কাজের জগতেও নতুন নয়। কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গমের মতো তার সিনেমায় প্রেম, পরিবার ও আবেগ বরাবরই পেয়েছে এক ধরনের ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থাপন। সেই পরিচিত জগতেই নিজের সৃজনশীল মনোযোগ আরো গভীরভাবে নিবদ্ধ করতে চান তিনি। তিনি বলেন, ‘জীবনের পরবর্তী দশকে পরিচালনা এবং নতুন গল্প বলার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিতে চাই। সে কারণেই ভারাক্রান্ত হৃদয়ে নবম মৌসুমটিকে শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’
ব্যক্তিগত গল্পের পাশাপাশি এ অনুষ্ঠানের এক অন্যতম আকর্ষণ ছিল এর মজার সব প্রশ্নোত্তর পর্ব। বিশেষ করে ‘র্যাপিড ফায়ার রাউন্ড’ মানেই ঝটপট প্রশ্ন, বুদ্ধিদীপ্ত জবাব আর তারকাদের মজার সব প্রতিক্রিয়া। কয়েক দফার এ খেলায় শেষ পর্যন্ত বিজয়ীর হাতে উঠত কাঙ্ক্ষিত উপহারের হ্যাম্পার। সেই হ্যাম্পার জেতার লড়াইয়ে বলিউডের তারকাদের প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকের ভীষণ উদ্দীপিত করেছে।
টেলিভিশনে ছয় মৌসুম প্রচারের পর ২০২২ সালে স্ট্রিমিং প্লাটফর্মে নতুন অধ্যায় শুরু করে অনুষ্ঠানটি। সপ্তম মৌসুম থেকে প্রযোজনার দায়িত্ব নেয় করণের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট। এবার জিওহটস্টারে আসছে শেষ আয়োজন।
তারকাদের পর্দার আড়ালের জীবনকে দর্শকের ঘরের কাছাকাছি নিয়ে এসে ‘কফি উইথ করণ’ তৈরি করেছে নিজস্ব এক অধ্যায়। সেই পরিচিত কাউকে এবার শেষবারের মতো বসাবেন করণ জোহর। হাতে থাকবে চেনা কফির মগ, সামনে থাকবেন তারকারা। শুধু এবার আড্ডাটির আবহে মিশে থাকবে বিদায়ের নরম সুর।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
